স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা চাই দেশের মানুষ যেন সঠিক চিকিৎসাসেবা পায়। কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়। যারা ভালো কাজ করছেন তাদের আমরা সহযোগিতা করবো। তবে নিবন্ধন না থাকা হাসপাতাল বন্ধ করে দেবো।
তিনি বলেন, অভিযান চলছে। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা আছে— সেটা আমরা গ্রহণ করবো। আমরা আশা করছি, আগামীতে স্বাস্থ্যসেবায় আরও স্বচ্ছতা আসবে, একইসঙ্গে মান আরও ভালো হবে। বুধবার (১ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২২ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার হয়েছে ১১ হাজারের বেশি। সেগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমাদের অধিদফতর এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। যারা মানহীন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সতর্ক করে দেওয়া অথবা তাদের সময় দিয়ে যেসব জায়গা সংশোধন করার প্রয়োজন তা নির্দেশনা দিয়ে ঠিক করা। মানুষ যেন প্রতারিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। যেখানে অপারেশন হয় সেখানে সঠিক চিকিৎসক, এনেস্থেটিস্ট থাকতে হবে, যন্ত্রপাতি থাকতে হবে। এগুলো যদি না থাকে, সেখানে অপারেশন করতে দেওয়া যাবে না। সেদিকে আমরা কঠোর নজর দিচ্ছি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সামনে অনেক কাজ আছে। ক্যানসার, হার্ট, ডায়াবেটিস— এগুলোর বিষয়ে করোনার সময়ে খুব বেশি মনোযোগ দিতে পারিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম প্রমুখ।